
তারা যখন দ্যাখে , একদিন আমি পেতলের চওড়া প্লেটে শোল মাছের সালুন দিয়ে ভাত খাই, তখন তারা বলে ," আমরাও এইরম খাইছি একদিন "। তারা যখন দ্যাখে , শরীরে আমার শিমুল তুলার মত পলকা শার্ট , যেন সব রং চুরি করেছে একা , চৈত্র মাসের দুপুরে আলো দিয়া সূর্যরে কাপায় , তখন তারা বলে,"এইসব আমরাও পড়ছি কতদিন " । তারা বলে আর হাসে এবং হানা দিতে থাকে আমার সাপ্তাহিক স্বপ্নে , হানা দিয়া বলে, তারাও এরকম স্বপ্ন দ্যাখে প্রতিদিন , তিন বেলা ভাত খাওয়ার মত অনেকদিন তিনবেলাও ।তারা যখন দ্যাখে , আমি ক,খ,গ জাতীয় জিনিসগুলা জোড়া দিয়া শব্দের পর শব্দ সাজাই , কবিতা বানাই, তখন তারা বলে , " এইসব আমরাও কত বানায়েছি , কবিতা " , এবং আমি যখন কবিতায় খেয়ে কবিতায় ঘুমায়ে পড়ি তখনও তারা বলে," আরে , কবিতায় খেয়ে ঘুমায়েছি তো আমরা , এর টা ঘুম না ,চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে থাকা , ঘুমের অভিনয়"। যেদিন জন্মায়েছি আমি , শিমুল তুলার দেশে , এক গ্রাম শিমুলতলায় , সেদিন থেকেই তারা শুধু বলে যায় , বারবার বলে যায় । তারা শুধু বলে যায় , কখনও আমি শুনি , কখনও আমরা । এমনটা নয় তারা এইসব বলে গেলে কারও কিছু আসে যায় , শুধু আমার কাচের শরীর তাদের কথার তাসে বারবার ভেঙে যায় ।


0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন